থাই ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:০১
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী থাই পণ্যের একক প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, জ্ঞানভিত্তিক শিল্পায়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশ বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের ক্ষেত্রে প্যাকেজ সুবিধা দিচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার একটি উত্কৃষ্ট স্থান। তিনি থাই উদ্যোক্তাদের বাংলাদেশে সরাসরি বা যৌথ বিনিয়োগে এগিয়ে আসার পাশাপাশি থাইল্যান্ডের উন্নত প্রযুক্তি নির্ভর শিল্প-কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহবান জানান। থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন দপ্তর (ডিআইটিপি) এবং বাংলাদেশে থাই দূতাবাস যৌথভাবে তিন দিন ব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে থাই দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর উষা উইজারুন, বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (বিটিসিসিআই) সভাপতি এম এ মোমেন বক্তব্য রাখেন। এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ০৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।