লেখক নিরো সিরাজুল ইসলাম দীনেশ চন্দ্র সেন পদকে ভূষিত

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:৩১
সত্তর দশকের বিশিষ্ট লেখক নিরো সিরাজুল ইসলাম এবছর দীনেশ চন্দ্র সেন স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। আগামী মে মাসে কলকাতা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হবে। নিরো সিরাজুল ইসলামের প্রকৃত নাম নুরুল হক। সত্তরের দশকে স্বাধীনতা উত্তরকালে অধুনালুপ্ত দৈনিক বাংলা, সাপ্তাহিক বিচিত্রা, সাপ্তাহিক রোববারের নিয়মিত লেখক ছিলেন নিরো সিরাজুল ইসলাম। তিনি একাধারে কবি, গীতিকার, অনুবাদক এবং প্রাবন্ধিক। একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার কারণে লেখালেখিতে অনেকটা ছন্দপতন ঘটে। এরপর আসে কর্মব্যস্ততা। তারপরও লেখার জগত্ থেকে বিচ্যুত হয়ে যাননি। ইতিমধ্যেই তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। এগুলো ‘নির্বাচিত প্রবন্ধ’, ‘দশদিগন্ত’ ও অনুবাদগ্রন্থ ‘হিটলারের শেষ দিনগুলো’। গত ১৪ ফেব্রুয়ারি ‘সোলার ভিশন’ থেকে তার লেখা দেশাত্মবোধক গান নিয়ে দু’টি সিডির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গীতিকার হিসেবে তিনি ‘নিরো হক’ নামে পরিচিত। নুরুল হক সরকারের একজন সচিব। বর্তমানে তিনি ভূমি মন্ত্রণালয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন। তার জন্ম ১৯৫৫ সালের ৮ মার্চ বরিশালের বাকেরগঞ্জের শিয়ালঘুনী গ্রামে। ব্যক্তিজীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।