চট্টগ্রামের মিরসরাইয়ের প্রগতিশীল আন্দোলনের পুরোধা ভাষা সৈনিক আবুল কালাম মাস্টার (৮৫) আর নেই। বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। আজ শুক্রবার সকাল ১০টায় তার গ্রামের বাড়ি ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের জানু মহুরী বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মিরসরাইয়ের বিভিন্ন রাজনৈতিক দল, সংবাদিক সংগঠন, সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
মাস্টার আবুল কালাম ভাষা আন্দোলনসহ মিরসরাইয়ের পশ্চাত্পদ রাজনীতিকে গতিময় করতে প্রায় ছয় দশক কঠোর শ্রম ও প্রেরণা যুগিয়েছিলেন। তিনি পঞ্চাশের দশকে আওয়ামী মুসলিম লীগের মিরসরাইয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ষাটের দশকে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর প্রথম সাধারণ সম্পাদক ও একই দশকে আওয়ামী ন্যাশনাল পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেব দায়িত্ব পালন করেন। আবুল কালাম মৃত্যুর পূর্বে মিরসরাই একুশ উদ্যাপন পরিষদ কর্তৃক পদত্ত একুশে পদকে ভূষিত হন। তিনি উপজেলার হাদি ফকিরহাট এলাকার নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন।
