জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল হোন

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:৩৪
জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। দেশের সামগ্রিক অবস্থার বিষয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, শাহবাগ চত্বরে তরুণদের আন্দোলন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিষয়ে জনগণ যে নিন্দা জানাচ্ছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন দেয়ারও আহ্বান জানান তিনি। ব্রিফিংয়ে তিনি যুদ্ধাপরাধের বিচার, জামায়াত-শিবিরের মিথ্যা প্রচারণা ও সহিংস কর্মকাণ্ড, শাহবাগ চত্বরে তরুণদের আন্দোলন, আহমেদ রাজীব হায়দারের হত্যাকাণ্ড, সহিংসতা রোধে সরকারের পদক্ষেপসহ নানা বিষয় উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সুষ্ঠু ও স্বচ্ছভাবেই হচ্ছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে জামায়াত-শিবির ও তাদের শরিক ও সমর্থনকারীদের বানোয়াট প্রচারণার প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি। কূটনীতিকরা সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সেনাবাহিনী মোতায়েন করবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই। সরকার বর্তমান সংহিংস পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। এছাড়া পরিস্থিতি অনুযায়ী করণীয় সবকিছুই করা হবে। তিনি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও তাদের অবৈধ আর্থিক লেনদেনের বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানান। ব্রিফিংয়ে পাকিস্তান ছাড়া ৪৮টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সাংবাদিকদের বলেন, এদেশের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। জার্মান রাষ্ট্রদূত বলেন, দেশের বর্তমান পরিস্থিতি শুধু উদ্বেগজনকই নয়, সামনের দিনগুলো কেমন যাবে তা নিয়ে অনেক শঙ্কা রয়েছে। নির্বাচনের বাকি ১০ মাস নিয়ে অনেকে আমরা চিন্তিত।