বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, কোন সরকার যখন জনস্বার্থের বিরুদ্ধে যায় তখনই কেবল ফ্যাসিষ্ট হয়ে উঠে। শত নির্যাতন-নিপীড়ন ও অপশাসনের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে দমানোর ব্যর্থ চেষ্টা কোনদিনই সফল হবে না। বানোয়াট মামলা দায়ের এবং গ্রেফতার অভিযান অব্যাহত রেখে নিজেদের অপশাসন প্রলম্বিত করার ব্যর্থ প্রচেষ্টায় বর্তমান সরকার এখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দেশের সংবিধান স্বীকৃত সকল প্রচলিত আইন এবং গণতান্ত্রিক ও মৌলিক অধিকার বর্তমান আওয়ামী সরকারের স্বেচ্ছাচারী শাসনে আজ ভূলুণ্ঠিত। প্রচলিত আইনে দেশের শাসনব্যবস্থা পরিচালিত না হওয়ার কারণে নাগরিক জীবন সর্বদা আতংকগ্রস্ত।
তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ সারাদেশের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের এবং গ্রেফতারের নিন্দা জানিয়েছেন।
কাল গায়েবানা জানাজা
সারাদেশে পুলিশ-র্যাব ও আওয়ামী লীগ দলীয় ক্যাডারদের হাতে নিহত মানুষদের জন্য গায়েবানা জানাজা কাল শনিবার বাদ জোহরের পরিবর্তে বাদ আসর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
