সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:৩৬
সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘর, মন্দির ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে গত বুধবার এবং গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লাসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, মন্দিরে হামলা, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। অ্যাডভোকেট তপন বিহারী নাগের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জগন্নাথ রঞ্জন গুপ্ত, অ্যাডভোকেট গোপাল ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, অ্যাডভোকেট বিউটি নন্দী প্রমুখ। চাঁদপুর প্রতিনিধি জানান, সংখ্যালঘু সমপ্রদায়ের উপর হামলা, বসতঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের আহ্বানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, গণফোরাম, আইনজীবী সমিতি, চাঁদপুর পৌর মেয়রসহ বেশ ক’টি সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন ও বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ রঞ্জিত বনিক। শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদ বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জেলা পূজা উদযাপন পরিষদের এ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল মজিদ খোকন, অধ্যক্ষ উত্তম সেন দাস প্রমুখ। এসব কর্মসূচিতে জেলার বিভিন্ন মন্দিরের পূজারী ও পুরোহিতরাও অংশগ্রহণ করেন। মেহেরপুর প্রতিনিধি জানান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাংচুর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথের নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, কানাই লাল কর, অশোক রঞ্জন পাল প্রমুখ উপস্থিত ছিলেন। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, গত বুধবার কাউখালী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রুহিয়া বেগম হাসি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখর চন্দ্র দে, সাধারণ সম্পাদক সঞ্জিত্ কুমার সাহা, ইউপি চেয়ারম্যান ও কমিউনিস্ট পার্টির সভাপতি কৃষ্ণ লাল গুহ, আমিনুর রশীদ মিল্টন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জ্যোতির্ম্ময় চক্রবর্তী রতন, গৌতম দাস, অধ্যাপক অমিতাভ বোস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান মিঠু, আওয়ামী লীগের প্রচার সম্পাদক পল্টু লাল বসু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ সিকদার প্রমুখ। এ সময় তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবি জানান। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ার লাখিরপাড় সর্বজনীন দুর্গা মন্দিরে অগ্নিসংযোগসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের উপর হামলা, মন্দির ভাংচুর, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটতরাজের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা হিন্দু ছাত্র মহাজোট আয়োজিত এসব কর্মসূচির সঙ্গে গোপালগঞ্জ কেন্দ্রীয় সর্বজনীন কালিবাড়ী ও পূজা উদযাপন পরিষদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি বিজন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে মুক্তিযোদ্ধা সরদার জাকির হোসেন খসরু, আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ ইউসুফ আলী, যুবলীগ নেতা জিএম সিহাব উদ্দিন আজম, উজ্জ্বল বিশ্বাসসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জামায়াত-শিবিরের হামলা কঠোর হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মাগুরা প্রতিনিধি জানান, দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ভাংচুরের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সনাতনী ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধনকালে বক্তব্য রাখেন শেখ মো. রেজাউল ইসলাম, মীর মেহেদী হাসান রুবেল, পার্থ বিশ্বাস প্রমুখ। শেকৃবি প্রতিনিধি জানান, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে দেশব্যাপী সকল সাম্প্রদায়িক হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা বন্ধ ও হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার দাবি করা হয়। এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানায়। এছাড়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী, কুলিয়ারচর, বাজিতপুর উপজেলা, বরগুনার বেতাগী উপজেলা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।