দাতারা সংঘাতপূর্ণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:৩৭
বাংলাদেশের সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দাতাসংস্থাগুলো। সম্ভাব্য সব উত্স থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে তারা বাস্তবে কি ঘটছে সে সম্পর্কে জানতে চেষ্টা করছে। গতকাল বৃহস্পতিবার দাতাদের একটি সূত্র থেকে এ খবর পাওয়া গেছে। সূত্র জানায়, স্বাভাবিক সময়েও আমাদের একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু থাকে। এই ব্যবস্থার অধীনে সাধারণত পত্রিকার গুরুত্বপূর্ণ ও স্বার্থ-সংশ্লিষ্ট রিপোর্টগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু গত কিছুদিন ধরে পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় প্রধান কার্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। সে কারণে নিয়মিত প্রধান কার্যালয়ে বাড়তি তথ্য সম্বলিত রিপোর্ট পাঠানো হচ্ছে। দাতাদের কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে সূত্র বলেন, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও এশীয় উন্নয়ন ব্যাংক ম্যান্ডেট অনুযায়ী এ ধরনের ক্ষেত্রে কোন বিবৃতি দিতে পারে না। এসব ক্ষেত্রে বিবৃতি দেয়, ইউএনডিপি, ইউএসএইড, ইউরোপীয়ান কমিশন। অন্য এক প্রশ্নের উত্তরে সূত্র বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং নেপালে নিরাপত্তা বা অন্যান্য সমস্যা বরাবরই ছিল। কিন্তু বাংলাদেশে এতোদিন পর্যন্ত নিরাপত্তার কোন সমস্যা ছিল না। ৯০ দশকের পর থেকে সব ক্ষেত্রে এক ধরনের স্থিতিশীলতাও বজায় রয়েছে। কিন্তু এখন পরিস্থিতি অবনতি হতে থাকায় স্বাভাবিক কারণেই সবাই নড়েচড়ে বসেছে। সূত্র উল্লেখ করেন, সংঘাতপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের অর্থনীতির ক্ষতির মাত্রা প্রতিদিনই বাড়তে থাকবে। দাতাদের সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়নে অচলাবস্থা দেখা দিতে পারে। একই বিষয়ে দাতাদের অন্য একটি সূত্র ইত্তেফাককে জানিয়েছেন, বাংলাদেশে আগেও সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি দেখা গেছে। তবে এবারের পরিস্থিতির সঙ্গে ইতিপূর্বের কোন ঘটনার মিল নেই। সম্ভবত সে কারণেই দাতাসংস্থাগুলো নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কারণ উন্নয়ন প্রক্রিয়াকে রাজনৈতিক অস্থিরতা ব্যাহত করতে পারে।