কয়েকটি ইসলামী দলের বিক্ষোভ কর্মসূচি আজ

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:৩৮
কয়েকটি ইসলামী দল আজ শুক্রবারও দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে। জুমার নামাজের পর কর্মসূচি পালন করার জন্য দলের নেতা-কর্মীসহ সকল মুসল্লীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উন্মুক্ত করার দাবিতে জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে পুরনো ঢাকার লালবাগ কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির সভায় বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ উপলক্ষে ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে দেশের নেতা-কর্মীদের বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। জমিয়তে উলামায়ে বিক্ষোভ করবেঃ আজ শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে ব্লগারদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে। গতকাল দলের পুরানা পল্টন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সারাদেশের মুসল্লীদের জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়েছেন। ইসলামী আন্দোলনের মতবিনিময়ঃ আজ শুক্রবার বিকাল ৪টায় বিটিভির বিপরীতে রামপুরা জামিয়া কারিমিয়া আরাবিয়ার দ্বিতীয় তলায় দেশের সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখগণের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে।