আন্তর্জাতিক নারী দিবস আজ

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:৩৯
আজ ৮ মার্চ। আর্ন্তজাতিক নারী দিবস। এবার সরকারিভাবে দিবসটির প্র্রতিপাদ্য হচ্ছে ‘নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার’। তবে দেশের ৬৪টি বেসরকারি সংগঠনের সমন্বয়ে সৃষ্ট সামাজিক প্রতিরোধ কমিটি দিবসটির প্রতিপাদ্য করেছে ‘জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা এক তৃতীয়াংশে বৃদ্ধি এবং সরাসরি নির্বাচন চাই’। নারী দিবসের গুরুত্ব ও তাত্পর্য বিবেচনা করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান তার বাণীতে নারী অধিকার সম্পর্কে সকলকে সচেতন হতে বলেন। তিনি বলেন, আমি জেনে খুশি হয়েছি যে, বর্তমান সরকার নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, কর্মস্থান, নারীর তথ্য পাওয়ার অধিকারসহ নানাবিধ অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি আশা করেন এসব পদক্ষেপ নারী সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নারীর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি কন্যা শিশুদের যোগ্য হিসেবে গড়ে তুলতে নারী-পুরুষ উভয়কে সমভাবে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ও নাগরিক জীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। ২০২১ সালের মধ্যে নারী-পুরুষের সমতাভিত্তিক একটি সমৃদ্ধশালী জাতি গঠনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বর্তমান যুগ অবাধ তথ্য প্রবাহের যুগ। তথ্য জানার মাধ্যমে নারী তার অধিকার আদায়ে সচেতন হবে। জাতীয় উন্নয়নের মূলধারায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া তার বাণীতে বলেন, বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে হলে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে তারা যাতে বঞ্চিত না হন সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। দিবসটি উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। কবে থেকে নারী দিবস :১৮৫৭ সালে ৮ মার্চ নিউইয়র্কের সূচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক শ্রম ১৬ ঘন্টা থেকে কমিয়ে ৮ ঘন্টা করা এবং ন্যায্য মজুরির জন্য এক রক্তক্ষয়ী সংগ্রামের সূচনা করেন। এই আন্দোলনের অপরাধে গ্রেফতার হন অনেক শ্রমিক। ১৮৬০ সালে গঠন করা হয় নারী শ্রমিক ইউনিয়ন। যুক্তরাষ্ট্রে ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্প কারখানায় প্রায় একই দাবিতে দেড় হাজার নারী শ্রমিক আন্দোলন করে আদায় করে নেয় ৮ ঘন্টা কাজ করার অধিকার। ১৯১০ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী কারা জেিকন ৮ মার্চকে বিশ্বব্যাপী নারী দিবস হিসেবে পালনের আহবান জানান। জাতিসংঘ ১৯৭৪ সালে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারী বর্ষে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা শুরু হয়। আজকের কর্মসূচি : দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে শাহবাগ গণজাগরণ মঞ্চে নারী নেত্রীবৃন্দ ও কর্মীদের সমাবেশ ও বক্তৃতাদানের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক সকাল সাড়ে ৮টায় রাজারবাগ পুলিশ লাইনের ১নং গেট থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। দেশের ৬৪টি বেসরকারি সংগঠনের সমন্বয়ে সৃষ্টি সামাজিক প্রতিরোধ কমিটি কাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ ও র্যালির আয়োজন করেছে।