মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে গত বছরের নভেম্বরে। আগামী নির্বাচন হবে ২০১৬ সালে। বাকি আরো প্রায় সাড়ে তিন বছর। কিন্তু তাই বলে প্রেসিডেন্ট নির্বাচনের জরিপ থেমে নেই। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকান দলের তিন প্রার্থী থেকে এগিয়ে আছেন জনপ্রিয় পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। খবর এনডিটিভির
যুক্তরাষ্ট্রের ১ হাজার ৯৪৪ জন নিবন্ধিত ভোটারদের মধ্যে মোবাইল ফোনে এ জরিপ চালানো হয়। গত জানুয়ারিতে সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন (৬৫) পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অবসর নেন। দেশটির কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য শক্ত প্রেসিডেন্ট প্রার্থী ক্রিস ক্রিস্টিকে হারাতে পারেন হিলারি। ক্রিস্টি বর্তমানে নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর। রিপাবলিকান দলের অন্যদের মধ্যে রয়েছেন মার্কো রুবিও এবং পল রাইয়ান। এদের মধ্যে ক্রিস্টি জরিপে এগিয়ে আছেন। জরিপ পরিচালনাকারী সংস্থাটির সহকারী পরিচালক পিটার ব্রাউন বলেছেন, অন্যদের চেয়ে হিলারি নির্বাচনী প্রচারে বেশি সুবিধা পাবেন। কারণ তিনি গত ২০ বছর ধরে পরিচিত একটি মুখ এবং মার্কিনীদের ওপর তার একটা প্রভাব আছে। জরিপে হিলারি পেয়েছেন শতকরা ৪৫ ভাগ এবং ক্রিস্টি পেয়েছেন ৩৭ ভাগ সমর্থন। রাইয়ান পেয়েছেন ৩৮ ভাগ এবং হিলারি পেয়েছেন ৫০ ভাগ সমর্থন। এছাড়া মার্কো রুবিও যেখানে ৩৪ ভাগ, সেখানে হিলারির প্রাপ্তি শতকরা ৫০ ভাগ সমর্থন। গত মাসে এই বিশ্ববিদ্যালয়ের এক জরিপে জানানো হয়েছিল, হিলারি দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।
