ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে অবৈধভাবে টেলিফোনে আঁড়িপাতার দায়ে এক বছরের জেল দিয়েছে আদালত। ২০০৫ সালের ব্যাংক কেলেঙ্কারি সংশ্লিষ্ট এক মামলায় গোপন একটি ফোন কল জনসম্মুখে প্রকাশের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার এই রায় দেয় আদালত। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে কারাগারে যেতে হবে না। তবে এটি তার জন্য আরেকটি আঘাত। খবর বিবিসি ও রয়টার্সের।
বারলুসকোনির বিরুদ্ধে অভিযোগ, তিনি তার এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর টেলিফোনে আঁড়িপাতার ব্যবস্থা করেছিলেন এবং বিষয়টি তার ভাইয়ের পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। গত বছর অক্টোবরে বারলুসকোনি একটি কর জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হন। সেই মামলায়ও তাকে ১ বছরের জেল দেয়া হয়। এর বিরুদ্ধে তিনি আপিল করেছেন। যৌন অপরাধের অন্য দুটি মামলায় বিচার চলছে তার। এ দুটি মামলার একটির রায় হওয়ার কথা রয়েছে এ মাসের শেষ দিকে।
ইটালির সাধারণ নির্বাচনের কিছু দিন পর বারলুসকোনির কারাদণ্ড হলো। নির্বাচনে কোন জোটই সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার ডানপন্থি জোট সরকার গঠনের চেষ্টা করছে।
