রিপাবলিকান সিনেটরদের নৈশভোজে আমন্ত্রণ জানালেন ওবামা

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:৪১
যুক্তরাষ্ট্রের বাজেট সংকট নিয়ে আলোচনার জন্য রিপাবলিকান সিনেটরদের একটি দলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির বাজেটের ঘাটতি কমানো নিয়ে দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। খবর বিবিসির রিপাবলিকান দলের সদস্যরা ধনীদের ওপর কর বৃদ্ধির বিরোধিতা করছেন। কিন্তু ওবামা প্রশাসন ব্যয় না কমিয়ে কর বৃদ্ধি করে বাজেট ঘাটতি সামলানোর চেষ্টা চালাচ্ছে। দেশটির স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের জেফারসন হোটেলে প্রায় দেড় ঘণ্টাব্যাপী নৈশভোজ হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, আগে যেসব রিপাবলিকান সিনেটরদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা হয়েছে তারা এই নৈশভোজে আমন্ত্রণ পাননি। গত সপ্তাহে ৮৫ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতি কমানোর একটা প্রচেষ্টায় হোঁচট খায় ওবামা প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, বাজেট সংকট কাটাতে রিপাবলিকানদের সমর্থন আদায় করতে চাইছেন ওবামা।