দুই প্রতিবেশী ভাড়া থাকেন একই বাড়ির দুই ফ্ল্যাটে। এক পরিবারের গৃহকর্তা বেলাল হোসেন পেশায় ব্যবসায়ী। অন্য পরিবারের গৃহকর্তা আলমগীর হোসেনের নির্দিষ্ট কোন পেশা নেই। প্রায় দুই বছর ধরে পাশাপাশি থাকায় পরিবার দু’টির মধ্যে গড়ে ওঠে মধুর সম্পর্ক। কিন্ত সেই সম্পর্কে চিড় ধরালো এক তুচ্ছ ঘটনা।
জানা গেছে, একই ডিশ লাইনের সংযোগ দুই পরিবারের দুই টেলিভিশন সেটে। গতকাল বৃহস্পতিবার এই ডিশ লাইন নিয়েই ওই দুই পরিবারের মধ্যে বিরোধ বাঁধে। বিরোধের জের ধরে ক্ষিপ্ত হয়ে আলমগীর হোসেন গুলি করে বসেন বেলাল হোসেনের স্ত্রী মেঘা আক্তার মেঘলাকে (২৫)। গুলিটি মেঘলার ঘাড়ে বিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১২৪ মধ্য বাড্ডা লিংক রোড (কুমিল্লা পাড়া) এর ছয় তলা ভবনের নিচতলায়।
বাড্ডা থানা পুলিশ জানিয়েছেন, ঘটনার পর থেকে আলমগীর হোসেন পলাতক রয়েছেন। তার ব্যবহূত অস্ত্রটি অবৈধ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী হাফিজাকে আটক করেছে।
মেঘলার স্বামী বেলাল হোসেন জানান, ‘আলমগীর হোসেন ও তার স্ত্রীর কথাবার্তা শুনে ভালই মনে হয়েছিল। কিন্তু তারা যে দুষ্ট প্রতিবেশী গুলি করে তারই প্রমাণ দিলো।’
