৭ই মার্চে হরতাল দিয়ে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে গেছে :হানিফ

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:৪৫
আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবসের দিন হরতাল দিয়ে বিএনপি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেক দূরে সরে গেছে। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার হরতাল বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির গত বুধবারের সমাবেশে পুলিশের গুলিতে দলটির সিনিয়র নেতারা আহত হওয়ার জন্য দুঃখপ্রকাশ করে তিনি বলেন, জামায়াতের ফাঁদে পা দেয়ার জন্যই বিএনপির বর্তমান দুর্দশা। জামায়াত উস্কানি দিয়ে সুপরিকল্পিতভাবে বিএনপির সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে। চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, সবকিছুতেই জাতীয় ঐক্যের প্রয়োজন। সরকারের পক্ষ থেকে বহুবার আলোচনার জন্য বিএনপিকে সংসদে আসার আহবান জানানো হয়েছে। যে কোনো বিষয়ে আলোচনার জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। হরতাল বিরোধী সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমসহ নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।