জেনারেল মোটরসের মার্ক হোগান যোগ দিলেন টয়োটায়

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ১৫:২৪
প্রতিদ্বন্দ্বী জেনারেল মোটরসের সাবেক নির্বাহী মার্ক হোগানকে টয়োটার পরিচালনা পরিষদে নিয়োগ দেয়া হয়েছে। ৭৬ বছরের ইতিহাসে এবারই প্রথম টয়োটাতে বহিরাগত কাউকে পরিচালনা পরিষদে নিয়োগ দেয়া হলো। আঞ্চলিক বাজার দখলে আরো কার্যকরী ভূমিকা পালনের লক্ষ্যে এই মার্কিন নাগরিককে নিয়োগ দেয়া হয়েছে। গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান হিসাবে এক সময় টয়োটা ছিল সারাবিশ্বের শীর্ষে। পরে নানা কারণে মার্কিন প্রতিষ্ঠান জেনারেল মোটরসের কাছে খেতাবটি হারায় টয়োটা। মূলত ২০১১ সালে জাপানে সুনামি ও ভূমিকম্প এবং থাইল্যান্ডে বন্যার কারণে টয়োটার উত্পাদন ও বিক্রি কার্যক্রম ব্যাহত হয়। টয়োটার প্রেসিডেন্ট আকিও টয়োডার অনেকগুলো সংস্কার কর্মসূচির ঘোষণা দেয়ার পরই টয়োটায় এই পরিবর্তন আসলো। টয়োডা নতুন দুইটি বিভাগ গঠন করছেন। ডিভিশন এক উত্তর আমেরিকা, ইউরোপ ও জাপানের বাজার দেখভাল করবে। আর ডিভিশন দুই বাজারের ক্ষেত্র বাড়াবে।