++ অফিসে যাওয়ার পথে বাড়ি থেকে বের হতেই পাড়ার দরজির সাথে দেখা হয়ে গেল সেলিম সাহেবের। দরজি সেলিম সাহেবকে সালাম দিয়ে বললেন, ‘আপনার কাছে প্রায় ছয় মাস হয়ে গেল কিছু টাকা বাকি পড়ে আছে। এবার যদি টাকাটা দিয়ে দেন তাহলে খুব উপকার হয়!’ সেলিম সাহেবের বিষয়টা খুব ভালো করেই মনে ছিল। কিন্তু তবু মুখে না জানার ভান দেখিয়ে তিনি বললেন, ‘তা তুমি আমার কাছে টাকা পাও সে কথা আমাকে মনে করিয়ে দেবে না!’ উত্তরে দরজি বললেন, ‘আমি আসলে কখনও কোনো ভদ্রলোককে বাকি টাকার জন্য তাগাদা দেই না!’
‘কিন্তু কেউ যদি সময়মতো টাকা পরিশোধ না করে তাহলে কী করেন?’—পাল্টা জানতে চাইলেন সেলিম সাহেব।
‘আসলে প্রথমে আমি মাস তিনেক অপেক্ষা করি। আর এই মাস তিনেকের মধ্যে কেউ যখন পাওনা টাকা শোধ না করে তখন ধরে নেই উনি ভদ্রলোক না এবং তখন তাকে তাগাদা দেওয়া শুরু করি।
++ দুই বন্ধুর মধ্যে ফোনে কথা হচ্ছে—
:হ্যালো কে শামীম বলছিস?
:হ্যাঁ, বলছি।
:কিন্তু তোর গলা কেমন যেন শোনাচ্ছে। মনে হচ্ছে তুই শামীম না!
:আরে বাবা, কী হয়েছে বলবি তো!
:না মানে আমার হঠাত্ করে দুই হাজার টাকা খুব দরকার। তুই একটু আজ বিকেলে আমাকে টাকাটা পাঠাতে পারবি?
:ইয়ে মানে ঠিক আছে। শামীম তো বাসায় নেই। ও বাসায় এলে আমি ওকে জানাবো!
