অগ্নিপরীক্ষার আগে জয় চায় বার্সা

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২০:০১
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে অগ্নিপরীক্ষায় মুখোমুখি হবার আগে লা লিগায় জয়ের ধারায় ফিরতে চায় বার্সেলোনা। লিগে নিজেদের ২৭তম ম্যাচে দেপোতিভো লা করুনার বিপক্ষে আজ মাঠে নামছে কাতালানরা। ন্যু’ ক্যাম্পে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে খেলাটি। সময়টা খুব ভালো কাটছে না বার্সেলোনার। এতটাই খারাপ যে, চিন্তার ভাঁজ কপালে পড়ে গেছে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ভক্তদের। শেষ চারটি ম্যাচ চ্যাম্পিয়ন্স ও স্প্যানিশ লীগে খেলেছে তারা। এরমধ্যে মাত্র একটি জয়ের স্বাদ পেয়েছে বার্সা। আর হারের লজ্জাগুলো এতটাই তিক্ত যে, জয় নামের সোনার হরিণের পিছনে ছুটতে হচ্ছে তাদের। চিরপ্রতিন্দ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে চারদিনের ব্যবধানে দুটি এল’ ক্ল্যাসিকো হারে বার্সেলোনা। কোপা ডেল’রের দ্বিতীয় লেগে হেরে টুর্নামেন্ট থেকে তো বিদায়ই নিল তারা। এরপর লা-লীগাতেও হারের লজ্জা পেতে হয় মেসি-জাভি-ইনিয়েস্তাদের। তবে তার আগে চ্যাম্পিয়ন লীগের শেষ ষোলোর প্রথম লেগে ইটালিয়ান ক্লাব এসি মিলানের কাছে ২-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে উঠার পথটা খুব কঠিনই করে ফেলেছে বার্সা। তাই সেই অগ্নিপরীক্ষায় মুখোমুখি হবার আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে চাইছে বার্সেলোনা। এজন্য লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জয়ের স্বাদই পেতে চাইছে তারা। কারণ আগামী মঙ্গলবারই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে এসি মিলানের মুখোমুখি হবে বার্সা। তাই ঐ ম্যাচকে সামনে রেখে ক্যাটালানদের মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস বলেন, ‘আমাদের জন্য এই মৌসুমে মিলানের বিপক্ষে ম্যাচটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লা করুনার বিপক্ষে ম্যাচটিও গুরুত্বপূর্ণ। তবে মিলানের বিপক্ষে ম্যাচটি অনেক বেশি। তাই মঙ্গলবারের ম্যাচের আগে লা লিগার ম্যাচ থেকে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে চাই আমরা। দলের সবাই বিশ্বাস করে সামনের দুই ম্যাচেই আমরা ভালোই করবো।’ আগের ম্যাচে রিয়ালের বিপক্ষে খেলা হয়নি ফ্যাব্রিগাসের। তবে এ নিয়ে মোটেও চিন্তিত ছিলেন না তিনি। তেমনই আভাস পাওয়া গেল তার কণ্ঠে, ‘গেল সাত বছর যাবত্ আমি জাতীয় দলে খেলি। এরমধ্যে বেশিরভাগ ম্যাচেই আমি শুরু থেকে খেলতে নামতে পারিনি। তবে তারপরও অনেক ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পেরেছি আমি। কিছু সময় বদলি খেলোয়াড়রাও অনেক বেশি ভালো খেলে। ম্যাচের শেষদিকে নেমে তারাও দলের জয়ে মুখ্য ভূমিকা রাখে।’ ম্যাচে গোলরক্ষক ভিক্টর ভালদেস ও জাভি হার্নান্দেজকে ছাড়াই মাঠে নামছে বার্সেলোনা। রিয়ালের বিপক্ষে ম্যাচ শেষ হবার পর রেফারির সাথে খারাপ আচরণ করায় লাল কার্ড দেখতে হয় ভালদেসকে। ফলে চার ম্যাচের জন্য সাসপেন্ড হলেন ভালদেস। আর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে করুনার বিপক্ষে খেলা হবে না জাভির। তবে সুস্থ হয়ে উঠেছেন পেড্রো রড্রিগুয়েজ। ফ্লু-তে আক্রান্ত হয়েছিলেন তিনি। ২৬ খেলা শেষে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। আর তাদের প্রতিপক্ষ ডিপোর্তিভো লা করুনার রয়েছে টেবিলের একেবারে তলানিতে। ২৬ খেলায় অংশ নিয়ে মাত্র ১৭ পয়েন্ট সংগ্রহ করে রেলিগেশনের পথটা পুরোপুরিভাবেই পরিষ্কার করে ফেলেছে করুনা। ফলে টেবিলের অবস্থান বলেই দিচ্ছে, করুনার বিপক্ষে স্পষ্টভাবেই ফেভারিট বার্সেলোনা। অবশ্য প্রথম পর্বের ম্যাচে জয়ের স্বাদ পেতে বেশ কষ্টই করতে হয়েছে বার্সাকে। অতিথি হিসাবে খেলতে গিয়ে ৫-৪ গোলের জয় নিয়ে নিজ রাজত্বে ফিরে মেসি-জাভি-পেড্রোরা। বার্সেলোনা ও দেপোর্তিভো লা করুনার ম্যাচের দিন মাঠে নামছে আরও ছয়টি দল। মুখোমুখি হবে রায়ো ভ্যালেকানো-এস্প্যানিয়ল, রিয়াল ভালাদোলিদ-মালাগা ও মায়োর্কা-সেভিয়া।