প্রিমিয়ার লিগে মোটেও বলার মতো ফল পাচ্ছে না চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দল হয়েও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে তারা। লিগ কাপও হাত ছাড়া হয়েছে। এবার ইউরোপা লিগেও হারের মুখ দেখল চেলসি। বৃহস্পতিবার রোমানিয়ার দল স্টুয়া বুখারেস্টির বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন চেলসি।
চেলসির এই পরাজয়ের দিনে অবশ্য ইংলিশ লিগের আরেক দল টটেনহাম জয় পেয়েছে। গ্যারেথ বেলের দুর্দান্ত নৈপুণ্যে ভর করে হোয়াইট হার্ট লেনে শেষ ষোলোর প্রথম লেগে ইন্টারমিলানকে ৩-০ গোলে হারিয়ে দেয় টটেনহাম। আরেক ম্যাচে নিউ ক্যাসল রাশিয়ার দল আনঝির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।
চলতি মৌসুমে বেল নিজের ২১তম গোলটি করেন ম্যাচের ছয় মিনিটেই। স্বাগতিক টটেনহ্যামের হয়ে অপর দুটি গোল করেন গিলফি সিগার্ডসন এবং জেন ভারটোনঘেন। এক তরফাভাবে তারা ইন্টারের সাথে জয় পেয়েছে। আগামী সপ্তাহে ফিরতি লেগে এই চ্যালেঞ্জ উতরে যাওয়া কঠিন হবে ইতালির দলটির।
বেল অবশ্য সান সিরোতে ফিরতি লেগে খেলতে পারবেন না। ওয়েলসের এই ফুটবলার যেভাবে মাঠে ডাইভ দিয়েছেন রেফারির ব্যাপারটি পছন্দ হয়নি। হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। ডাইভের জন্য চলতি মৌসুমে চতুর্থবারের মত কার্ড দেখলেন বেল। আর এ জন্যই তাকে ফিরতি লেগে মাঠের বাইরে থাকতে হবে। চলতি সপ্তাহে ব্রিটিশ দলগুলোর মধ্যে একমাত্র সফল টটেনহ্যাম।
চেলসির বিপক্ষে স্টুয়া বুখারেস্টির হয়ে একমাত্র গোলটি করেন ৩৪ মিনিটে রাউল রুসেসকু পেনাল্টি থেকে। ফলে রোমানিয়ার রাজধানী থেকে হতাশ হয়ে ফিরল রাফায়েল বেনিতেজের দল। চেলসির একাদশে পাঁচটি পরিবর্তন ছিল। জন টেরি ছিলেন একাদশে। তারপরও ভালো কিছু ফল আসেনি।
নিউ ক্যাসলের দলে সাত খেলোয়াড় ছিল ফরাসি। আনঝির বিপক্ষে দারুণ লড়াই উপহার দিয়েছে দলটি। তবে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হলো। আনঝির ক্যামেরুন তারকা স্যামুয়েল এতো তিনটি গোলের সুযোগ হাতছাড়া করেছেন।
সিরিএ তে শিরোপা লড়াইয়ের দারুণ করছে ল্যািসও। একই ফর্ম ধরে রেখে ইউরোপা লিগে জার্মানির স্টুটগার্টকে তারা ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে। স্টুটগার্টের মাঠে ল্যািসওর হয়ে গোল দুটি করেন এডারসন এবং ওগেনি অনাজি।
এছাড়া একই রাতে ফেনেরবাচে ১-০ গোলে ভিক্টোরিয়া প্লজেনকে হারায়। বেনফিকাও সমান ব্যবধানে হারায় বোরডেস্ককে। লেভান্তে ও রুবিন কাজানের লড়াইটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। এফসি বাসেল ২-০ গোলে হারায় জেনিথ সেন্ট পিটার্সবার্গকে।
