তদন্তের মুখোমুখি পাকিস্তানি খেলোয়াড়রা

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:১৭
পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল-হকসহ শীর্ষস্থানীয় কয়েকজন খেলোয়াড়ের দাখিল করা আয়কর ফাইল তদন্ত করবে দেশটির ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর)। এফবিআর-এর একজন মুখপাত্র শুক্রবার জানান, এ সব খেলোয়াড় বছরে যে পরিমাণ অর্থ আয় করে থাকে সে অনুযায়ী পূর্ণাঙ্গ কর দেয় না বলে অভিযোগ আছে। তিনি বলেন, ‘আয়কর না দেয়ার অভিযোগ সত্যি কিনা সে বিষয়ে তদন্ত করা হবে।’ পাকিস্তানের টেস্ট খেলোয়াড় উমর গুল, আজহার আলী, তৌফিক উমর এবং টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজের বিষয়ে তদন্ত করা হবে। এফবিআর ইতোপূর্বে এ সকল খেলোয়াড়ের আয়কর জমা দেয়ার কাগজপত্র চেয়েছিল। এফবিআর-এর অভিযোগে বলা হয়, এই ছয় খেলোয়াড় ক্রিকেট বোর্ড থেকে পাওয়া অর্থ গ্রুপ ইনকাম হিসেবে দেখিয়ে আয়কর দিয়েছে। এফবিআর কর্তৃপক্ষের ধারণা এদের আয়ের বিষয়ে যে প্রমাণ পত্র দাখিল করা হয়েছে— মূলত তাদের আয় এবং খরচ তার চেয়ে অনেক বেশি। ২০০৯-১০ এবং ২০১১-১২ অর্থ বছরে নিজের প্রদর্শিত আয় অনুসারে মিসবাহর কর দেয়ার কথা ৪.৯ মিলিয়ন রুপি। অথচ দু’বছরে তার দেয়া আয় করের পরিমাণ ২.৯৬ মিলিয়ন রুপি। বোর্ডের একটি সূত্র জানায়, মিসবাহ এবং অন্যান্য খেলোয়াড়ের না দেয়া করের বিষয়ে ফেডারেল ডিপার্টমেন্ট অব ইনকাম ট্যাক্স ইতোমধ্যেই এ বিষয়ে ট্রাইব্যুনালে শুনানির কথা বলছে। সূত্রটি আরও জানায়, ৭.৮ মিলিয়ন রুপির কর না দেয়ার অভিযোগে উমর আকমলের ব্যাংক হিসেব বন্ধ রেখেছে এফবিআর। একই অর্থ বছরে ওপেনিং ব্যাটসম্যান ইমরান ফরহাত মোট ১.০৩ মিলিয়ন, হাফিজ ২.৭ মিলিয়ন, আজহার আলী ০.৬২ মিলিয়ন এবং উমর ১.১৯৫ মিলিয়ন রুপি কর দিয়েছে। - বাসস/পিটিআই