শেবাগের পক্ষে গাভাস্কার

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:১৮
টেস্ট দল থেকে বাদ পড়া বীরেন্দ্র শেবাগের পক্ষ নিলেন ভারতীয় কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। মোহালিতে ব্যাটিং সহায়ক পিচের কথা বিবেচনা করে শেবাগকে আরেকটি সুযোগ দেয়া যেতে পারতো বলে মনে করছেন ভারতের এই সাবেক ক্রিকেট অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪ মার্চ তৃতীয় টেস্ট শুরু হবে। গাভাস্কার বলেন, ‘মোহালিতে বল সুন্দরভাবে ব্যাটে আসতো এবং এমন ধরনের উইকেটে শেবাগ খেলতে পছন্দ করে। সুতরাং মোহালিতে তৃতীয় টেস্টে তাকে একটি সুযোগ দেয়া যেতো বলে আমি মনে করছি।’ শেবাগ পুনরায় দলে ফিরে আসবে বলেও বিশ্বাস করেন গাভাস্কার। গাভাস্কার বলেন, ‘এখানেই সব শেষ হয়ে গেছে বলে আমি মনে করি না। বছরের শুরুতেই সে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি এবং দুটো হাফ সেঞ্চুরি করেছে। সে তার ক্রিকেট জীবনে যেভাবে এগিয়ে এসেছে এটা তারই প্রস্তুতি বলে আমি মনে করি। সে একদম ফর্মে নেই সেটাও আমি মনে করি না।’ পুনরায় শেবাগকে সমর্থন করে সাবেক এ গ্রেট বলেন, দিল্ল¬ীর এই ওপেনার ‘পুরোপুরি’ ফর্মের বাইরে ছিলো না এবং তার উইকেট বিলিয়ে দিয়ে আসছিলো না। ‘আমি মনি করি না সে পুরোপুরি ফর্মের বাইরে ছিলো। খুব ভালো বলেই সে আউট হচ্ছিল।’ ভবিষ্যতে শেবাগকে মিডল অর্ডারে খেলানো যেতে পারে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার অভিজ্ঞতার কারণে ৫ ও ৬ নম্বরে বিশেষ করে দ্বিতীয় নতুন বলের বিরুদ্ধে সে উপযোগী হতে পারে।’ অন্যদিকে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোনস মনে করছেন ফিরে আসাটা শেবাগের জন্য কঠিন হবে। তিনি বলেন, ‘ফিরে আসাটা শেবাগের জন্য কঠিন হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজের কথা চিন্তা করে তার ব্যাপারে আমার দুশ্চিন্তা শুরু হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা সফরটা খুব সহজ হবে না।’ গতবছর নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদে প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর একনাগারে পাঁচ টেস্টে ব্যর্থ হয়েছেন শেবাগ। এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টে একটা হাফ সেঞ্চুরিও করতে পারেননি শেবাগ। ভারতীয় দলের সর্বশেষ বিদেশ সফর অস্ট্রেলিয়ায় আট ইনিংসে তার মোট রান ছিলো ১৯৮। - বাসস