মালয়েশিয়ার বোর্নিওতে ৩১ ফিলিপিনো নিহত

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:২৪
মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় বোর্নিও দ্বীপে নিরাপত্তা বাহিনীর গুলিতে বৃহস্পতিবার ৩১ ফিলিপিনো অনুপ্রবেশকারী নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ খবর জানান। গত মাসে এখানকার সাবাহ প্রদেশের একটি গ্রামে প্রায় ২শ’ ফিলিপাইনি মুসলিম অবৈধভাবে প্রবেশ করার পর এই প্রথম এত হতাহতের ঘটনা ঘটলো। তবে ফিলিপিনো এই গ্রুপটি তাদের সদস্যদের নিহত হওয়ার খবরকে অস্বীকার করেছেন। এদিকে দেশটিতে চলমান এ সংঘর্ষ বন্ধ করার জন্য জাতিসংঘের আহবান প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া। খবর ডন অনলাইন ও নিউ ইয়র্ক টাইমসের। সূত্র জানায়, মাসব্যাপী এই সংঘর্ষে আট পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৬০ জন এ পর্যন্ত নিহত হয়েছে। অনুপ্রবেশকারীরা গত মাসে ওই জায়গাটিতে এসে সেটা তাদের নিজস্ব এলাকা বলে দাবি করে। এর সপক্ষে প্রমাণ হিসাবে তারা ১৯ শতকের কিছু দলিলকে উপস্থাপন করে। সেই সঙ্গে তারা নিজেদের ‘রয়্যাল আর্মি অব সুলু’ নামে এক মুসলিম গোষ্ঠীর বংশধর বলে দাবি করে। সেইসময়ে তারা লাহাদ দাতু নামে গ্রামটি দখল করে নেয়। বর্তমানে মালয়েশিয়া সরকারের কাছে তারা ওই রাজ্যের মালিকানা দাবি করছে। সশস্ত্র গ্রুপটির মুখপাত্র জানান, আমরা আমাদের দাবি সরকারের কাছে পেশ করেছি। তিনি বলেন, সরকারের এ বর্তমান ভূমিকার কারণে আমরা প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছি। আমরা চাইছি যুদ্ধবিরতি, কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করেছে। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমাদ জাহিদ জানান, জঙ্গিরা শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে কোন যুদ্ধবিরতিতে যাওয়া হবে না। প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনো অ্যাকুইনো-৩ তাকে ফোন করেছেন। আমি তাকে জানিয়েছি যে, অনুপ্রবেশকারীদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তাদের অস্ত্রশস্ত্র আমাদের কাছে জমা দিতে হবে। এদিকে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দেশটিতে চলমান এ সংঘর্ষের অবসান চান। মহাসচিব অবিলম্বে এ সহিংসতা বন্ধের আহবান জানিয়ে এর শান্তিপূর্ণ সমাধানের জন্য উভয়পক্ষকে সংলাপে বসার জন্য বলেন। তবে তার এই আহবানকে প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া।