চাঁপাইনবাবগঞ্জে বোরো আবাদ অনিশ্চিত

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:২৭
আগুনে চাঁপাইনবাবগঞ্জ পল্ল¬ী বিদ্যুত্ সমিতির সদর দপ্তর ও সাব-স্টেশন ভস্মীভূত হওয়ায় আট হাজার হেক্টর জমিতে সেচ প্রদানে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। ৪০ হাজার গ্রাহক কবে বিদ্যুত্ পাবে ঠিক নেই। প্রায় ২০০ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। আতঙ্কে কর্মকর্তারা। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা অনিশ্চিত। এর ফলে পুরো জেলার মানুষ দুর্ভোগে পড়বে ও ব্যাহত হবে ফসল উত্পাদন। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিন এ কথা বলেন। এ সময় বিইআরসির সদস্য সেলিম মাহমুদসহ আরইবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৮ ফেব্রুয়ারি হরতাল চলাকালীন জামায়াত-শিবিরের কর্মীরা শিবগঞ্জ উপজেলার কানসাটে অবস্থিত পল্লী বিদ্যুত্ সমিতির সদর দপ্তর ও সাব-স্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে। ছয়দিন বিদ্যুিবহীন সেখানকার গ্রাহকরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগুনে একটি জিপ গাড়ি. একটি পিক-আপ, ২৫টি মোটর সাইকেল, প্রশাসনিক ভবনসহ ২৮টি ইউনিট, চার ট্রান্সফরমারসহ সাব-স্টেশনের ভিতরে সবকিছু জিনিসই পুড়ে গেছে। এমনকি বিদ্যুতের তারগুলো পুড়ে-গলে মেঝেতে লেপটে গেছে। প্রশাসনিক ভবন ছাড়াও সমিতির ভিতরে বসবাসরত ৪৩টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর এবং তাদের মালামাল লুটপাট করা হয়। চেয়ারম্যান বলেন, চাঁপাইনবাবগঞ্জ সমিতির আওতায় ৬টি সাব-স্টেশন রয়েছে। এর মধ্যে সদর দপ্তরের পুড়ে যাওয়া সাব-স্টেশনের অধীনে প্রায় ৪৫ হাজার গ্রাহকের মধ্যে ২ হাজার ৩০০ সেচ গ্রাহক। বাকি ৫টি সাব-স্টেশনে বিদ্যুত্ সরবরাহ শুরু হলেও পুড়ে যাওয়া স্টেশনের অধীন গ্রাহকরা ৬দিন ধরে বিদ্যুিবহীন। তিনি বলেন, এ সমিতির আওতায় বর্তমানে সাড়ে ৫ হাজার সেচ গ্রাহককে বিদ্যুত্ দেয়া হচ্ছে। কিন্তু কোন ট্রান্সফরমার নষ্ট হলে অথবা কোনকিছু মেরামতের প্রয়োজন পড়লে তা করা যাবে না। কারণ ওয়ার্কশপও পুড়ে গেছে। এটি মেরামত করতে কয়েক সপ্তাহ লাগতে পারে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় সমিতির পুরো ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার উপরে হতে পারে। ঘটনা তদন্তে সমিতির অধীনে দুটি, মন্ত্রণালয় থেকে একটি এবং বিভাগীয় পর্যায়ে আরো একটি কমিটি করা হয়েছে। তিনটি মামলা করা হয়েছে। সম্মেলনে বিইআরসির সদস্য সেলিম মাহমুদ জ্বালানি খাতের সবগুলো স্থাপনার নিরাপত্তা বিধান ও এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।