নিজ মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানো কঠিন —মার্ক বাউচার

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:২৮
এক সময় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অপরিহার্য অংশ ছিলেন। ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দলের হয়ে অসাধারণ ভূমিকা পালন করেছেন। ভারতের স্পিন কন্ডিশনে অন্য যে কোন খেলোয়াড়ের চেয়ে ভালো খেলেছেন তিনি। উইকেটরক্ষক হিসাবে বিশ্ব রেকর্ডের মালিক মার্ক বাউচারের দুর্ভাগ্য চোখে মারাত্মক আঘাতের কারণে অসময়েই বিদায় জানাতে হয়েছে ক্রিকেটকে। বর্তমানে মুম্বাইয়ে চলা টি-টোয়েন্টি ইউনিভার্সিটি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন ভারতে। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাত্কারে তার চোখের আঘাত ও অন্যান্য বিষয়ে বিস্তারিত বলেছেন বাউচার। প্রশ্ন : সর্বশেষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ভারতীয় দল খুবই খারাপ করেছিল। কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ খেলছে। এ বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সফরে তারা ভালো করতে পারবে কিনা? উত্তর : পূর্ণ শক্তির ভারতীয় দলকে হারানোটা সব সময়ই কঠিন। নিজ মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানোটাও কঠিন। আমরা আমাদের কন্ডিশন সম্পর্কে এবং তাড়াতাড়ি ভালোভাবে মানিয়ে নিতে জানি। সুতরাং এ সময়ে দক্ষিণ আফ্রিকাকে হারানোটা ভারতের জন্য কঠিন হবে। প্রশ্ন : উইকেটরক্ষক হিসাবে সবচেয়ে বেশি (৫৫৫) খেলোয়াড়কে আউট করার রেকর্ড আপনার। অন্য কারো পক্ষে এ রেকর্ড ভাঙ্গা সম্ভব কিনা? উত্তর : এমন রেকর্ড করতে পেরে আমি ভাগ্যবান। এটা ভাঙ্গা অসম্ভব নয়। কোন খেলোয়াড় তরুণ বয়সে দলে সুযোগ পেলে এটা ভাংতে পারবে বলে আমি মনে করি। কিন্তু আজকালকার দিনে টেস্টের সংখ্যা কমে যাওয়ায় এটা ভাঙা কঠিন হতে পারে। প্রশ্ন : একজন উইকেটরক্ষক হিসাবে ধোনিকে কিভাবে মূল্যায়ন করেন? উত্তর : সে অত্যন্ত ভালো একজন উইকেটরক্ষক। উইকেটকিপার হিসাবে তার দাঁড়ানোটা অসাধারণ। কন্ডিশনের কারণে ভারতে ধোনির পা দুইটি খুব বেশি নাড়াচাড়া করতে হয় না। তবে একজন উইকেটরক্ষক হিসেবে পিছনে দাঁড়ানোর বেলায় এডাম গিলক্রিস্টকেই এগিয়ে রাখব। প্রশ্ন : দুর্ভাগ্যজনকভাবে চোখে আঘাতের কারণে অসময়েই আপনাকে ক্রিকেট থেকে বিদায় নিতে হয়েছে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকা দলের অংশ না হতে পারাটা মিস করেন কিনা? উত্তর : আমি যে সময়ে অবসর নিতাম চোখে ইনজুরির কারণে মূলত তিন ম্যাচ আগেই আমাকে অবসরে যেতে হয়েছে। ইমরান তাহিরের প্রতি আমার কোন বিদ্বেষ বা ঘৃণা নেই। আমি সবসময়ই জানতাম খেলাধুলা বিপজ্জনক। কিন্তু আমি কি খেলা মিস করছি? হ্যাঁ। অবশ্যই আমি ক্যামেরার মধ্যে নেই। আমি যেটা মিস করি না তা হলো ওয়ার্ম আপ। প্রশ্ন : ডোনাল্ড, স্টেইন, হেওয়ার্ড, পোলক এবং এনটিনির বোলিংয়ের সময় আপনি উইকেট সামলেছেন। এদের মধ্যে কাকে আপনার কাছে সেরা মনে হয়? উত্তর : এদের সেরা সময়ে এরা সবাই ভালো ছিলেন। স্টেইন অসাধারণ। মাঠে সে একটা দানবের মতো। আমি ভাগ্যবান যে, তার বোলিংয়ের সময় আমাকে উইকেটের পিছনে দাঁড়াতে হয়েছে, বোলিংয়ের সামনে দাঁড়াতে হয়নি। - বাসস