মৌলভীবাজার জেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি আশংকাজনকভাবে বেড়ে গেছে। গত ৮ মাসে জেলার ৬ উপজেলোয় ১৯৪টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এর মধ্যে সর্বাধিক সংখ্যক চুরি হয়েছে কমলগঞ্জ উপজেলায়। অবস্থায় এখন ক্ষতি মোকাবেলার উপায় হিসাবে ট্রান্সফরমারগুলিকে বীমার আওতায় আনার একটি প্রস্তাব মৌলভীবাজার পল্লী বিদ্যুত্ সমিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করেছে। মৌলভীবাজার জেলায় বিদ্যুত্ সরবরাহকারী মৌলভীবাজার পল্লীবিদ্যুত্ সমিতি সূত্রে জানা যায় গত বছরের জুলাই হতে গত ফেব্রুয়ারি পর্যন্ত জেলার সদর উপজেলায় ২৭টি, শ্রীমঙ্গলে ২৫টি, রাজনগরে ৪৩টি, কুলাউড়া ও বড়লেখায় ১৩টি এবং কমলগঞ্জে ৮৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। উন্মুক্ত ও নির্জন স্থানে বসানো ট্রান্সফরমার চুরি রোধ করার পরোক্ষ দায়িত্ব পল্লীগ্রামের নিম্ন্ন আয়ের বিদ্যুত্ ব্যবহারকারীদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে পল্লী বিদ্যুত্ সমিতি। প্রথমবার চুরি হলে ট্রান্সফরমার এর অর্ধেক মূল্য এবং এরপর যতবারই চুরি হবে সম্পূর্ণ মূল্য দিতে হয় চুরি যাওয়া ট্রান্সফরমার থেকে বিদ্যুত্ সংযোগ গ্রহণকারী গ্রাহকদের।
