জাপানে সেতাচি উত্সবে অংশ নেবেন বাংলাদেশের দু’শ শিল্পী

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৪২
জাপান সরকারের আমন্ত্রণে সেতাচি ত্রি-বার্ষিক শিল্প-সংস্কৃতি ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে বাংলাদেশ। এ বছরের ২০ জুলাই থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় গ্রীষ্মকালীন উত্সবে অংশ নেবেন বাংলাদেশের দু’শ’ শিল্পী। চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পীসহ বাংলাদেশের শিল্প-সংস্কৃতি জগতের গুণী ব্যক্তিত্বরা অংশ নেবেন। এছাড়া শিল্পীরা তাদের কাজ নিয়ে যাবেন জাপানে। উত্সবে সারা পৃথিবী থেকে সাত শতাধিক শিল্পীর সঙ্গে বাংলাদেশের শিল্পীরা যেমন বিভিন্ন কর্মশালায় অংশ নেবেন, তেমনি উত্সবে আসা শিল্পরসিকরা বাংলাদেশের শিল্পীদের শিল্পকর্ম সংগ্রহ করতে পারবে। বাংলাদেশে এসে এ উত্সবের প্রধান কিউরেটর ফ্রাম কিটাগাওয়া সাংবাদিকদের এসব কথা জানান। গত বৃহস্পতিবার রাতে সেতাচি উত্সব নিয়ে বারিধারায় জাপানের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সিরো সাদোশিমা, গভর্নরস সেক্রেটারিয়েটের ডিরেক্টর জেনারেল নেরিয়াকি ইনোমোতো, সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ। জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোশিমা বলেন, বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তিতে এ উদ্যোগ নিশ্চয়ই দু’টি দেশের সম্পর্ককে ভিন্ন মাত্রা দেবে। তিনি বলেন, একটি দেশের এত শিল্পী কখনোই এ উত্সবে অংশ নেয়নি। কিন্তু দু’টি দেশের সম্পর্ককে গভীরতর করতে জাপান সরকার এ উত্সবে বাংলাদেশের সংস্কৃতি ও শিল্পীদের নতুন মাত্রায় উপস্থাপন করতে আগ্রহী। সম্মেলনে নেরিয়াকি ইনোমোতো বলেন, বাংলাদেশ সংস্কৃতির দেশ। শিল্পের প্রতি এদেশের মানুষের সহজাত প্রেম। জাপানি মানুষের মাঝেও শিল্পের প্রতি সহজাত আগ্রহ রয়েছে। সে কারণেই বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক সবসময় ভিন্ন মাত্রা পেয়েছে। উত্সবের প্রধান কিউরেটর ফ্রাম কিটাগাওয়া সাংবাদিকদের আরো বলেন, এ উত্সবে বাংলাদেশের চিত্রশিল্পী, রিকশা পেইন্টার, রাজশাহী অঞ্চলের বাঘ পেইন্টার, সঙ্গীতশিল্পী, সুরকারসহ বিভিন্ন মাধ্যমের শিল্পীরা অংশ নেবেন। একটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিল্পীদের নির্বাচন করা হবে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনের আগে রাষ্ট্রদূতের বাসভবনে প্রীতি সম্মিলনীতে অংশ নেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সুরকার আজাদ রহমান, পটচিত্রী শম্ভু আচার্য, শিল্পী কনকচাঁপা চাকমা প্রমুখ।