ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, সরকার আলেম-ওলামা, পীর মাশায়েখদের দাবিকে মূল্যায়ন না করে গুটিকয়েক ব্লগারকে বাঁচানোর পরিকল্পনা করছে। তাদের ব্যাপারে সরকারের নমনীয়তা রহস্যজনক।
গতকাল শুক্রবার বিকালে রাজধানীর রামপুরার একটি মাদ্রাসা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, মুসলমান অধ্যুষিত এই দেশে অমুসলিম সংখ্যালঘুরা নিরাপদে বসবাস করবে। কিন্তু আল্লাহ ও রসূল (স.) এর বিরুদ্ধে ধর্মহীন নাস্তিকদের অশ্লীল কটূক্তি মুসলমানরা সহ্য করবে না। তিনি দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ, ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার ওস্তাদসহ সকল দ্বীনদার মুসলমানকে নাস্তিক-মুরতাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন মুফতি মিজানুর রহমান, মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মাদ আলী, মাওলানা মকবুল হোসাইন, মুফতি হেমায়েতুল্লাহ, মাওলানা আবদুর রহমান আজমী, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।
