দুই জামায়াত নেতার মুক্তি দাবি

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৪৫
গতকাল শুক্রবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পৃথক তিনটি বিবৃতিতে দলের দুইজন নেতাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তি দাবি করা হয়েছে। ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বিবৃতিতে বলেন, সরকার একের পর এক রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে। দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সেলিমউদ্দিন ও জামায়াত নেতা মাহমুদুর রহমানকে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অপর এক বিবৃতিতে বলেন, সরকার সারাদেশের তিন শতাধিক মসজিদে পুলিশী হয়রানির মাধ্যমে মুসল্লিদের জুমার নামাজ আদায়ে বিঘ্ন সৃষ্টি করেছে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ এমপি বিবৃতিতে বলেছেন, গত বৃহস্পতিবার চাঁপাই-নবাবগঞ্জে নিহত যুবলীগ কর্মী আবদুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জামায়াত-ছাত্রশিবিরের কারো কোন সম্পর্ক নেই।