বানিয়াচঙ্গে হাঁসের বাচ্চা ফুটিয়ে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৪৫
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম ভাটিপাড়া। বর্ষাকালে গ্রামের চারপাশে অসংখ্য হাঁসের পাল ঘুরে বেড়ানোর দৃশ্য সহজেই দৃষ্টিগোচর হয়। গ্রামবাসীদের অধিকাংশই কৃষি ও মত্স্যজীবী হলেও ইদানীং হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রির মাধ্যমে অনেকেই তাদের জীবিকা নির্বাহ করছে। লাভজনক হওয়ায় ইতিমধ্যেই গ্রামে ৩৫/৪০টি পরিবার এই ব্যবসায় সম্পৃক্ত হয়েছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ইনকিউবেটর বানিয়ে প্রতি মৌসুমে ডিম থেকে তারা হাজার হাজার হাঁসের বাচ্চা ফুটিয়ে বিভিন্ন ফার্মে বিক্রি করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টায় ব্যাপৃত। পরিবারের ছোট-বড় সকল সদস্যই এই ব্যবসা প্রসারে কাজ করছে। প্রায় ৭/৮ বছর পূর্বে ভাটিপাড়া গ্রামে প্রথমে সুবোধ দাশ নামে এক ব্যক্তি হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি শুরু করেন। এ ব্যাপারে ৩টি প্রশিক্ষণ গ্রহণ করে তিনি গ্রামের অনেককেই নিজে প্রশিক্ষণ দিয়েছেন। পরবর্তীতে এ ব্যবসায় সম্পৃক্ত হয়ে গ্রামের অনেকেই সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছে। ব্যবসায়ীরা জানান, ধানের ডোলে হাঁসের ডিম ১৮ দিন রেখে পরবর্তীতে ১০ দিন বাঁশের মাচায় তৈরি ইনকিউবেটরে রাখা হয়। মোট ২৮ দিন পর ডিম থেকে বাচ্চা ফোটে।