একাত্তর টেলিভিশনে নিয়মিত সম্প্রচারিত অনুষ্ঠান ‘মিউজিক বাজ’। দেশ বিদেশের সংগীত এবং সংগীতাঙ্গনের নানা খবরাখবর নিয়ে অনুষ্ঠানটি গত ৮ মাস ধরে সরাসরি সম্প্রচার হচ্ছে। বাংলাদেশের টেলিভিশন অনুষ্ঠানের ক্ষেত্রে ‘মিউজিক বাজ’ এরইমধ্যে ভিন্নধর্মী অনুষ্ঠান হিসেবে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানটি এখন আরও নতুন আঙ্গিকে প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি এখন থেকে একই সঙ্গে একাত্তর টিভি এবং ঢাকা এফ এম ৯০.৪-এ সরাসরি সম্প্রচারিত হবে। সংগীত নিয়ে যখন যেখানে যা ঘটে তাই সরাসরি দেখানো হয় ‘মিউজিক বাজ’-এ। ফেইসবুক, টুইটার, স্কাইপ, এসএমএস, টেলিফোনে দর্শকরা সরাসরি নিজের মত এবং শিল্পীদের সাথে আলাপচারিতায় অংশ নিতে পারেন এই অনুষ্ঠানে। টেলিভিশন এবং রেডিওতে একই সঙ্গে সম্প্রচারিত অনুষ্ঠান হিসেবে ‘মিউজিক বাজ’ একটি নতুন দৃষ্টান্ত। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আলিফ আলাউদ্দীন ও ফারশিদ। নতুন আঙ্গিকে ‘মিউজিক বাজ’ অনুষ্ঠানের প্রচার উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ঢাকা এফএম ৯০.৪-এর গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একাত্তর টিভির পরিচালক বার্তা সৈয়দ ইসতিয়াক রেজা, কারেন্ট অ্যফেয়ার্স ও অনুষ্ঠান প্রধান নূর সাফা জুলহাজ, প্রোগ্রাম এডিটর শবনম ফেরদৌসী, হেড অব মার্কেটিং রাশেদ আহসান, ডিপুটি এডিটর (মিউজিক) আলিফ আলাউদ্দীন, সিনিয়র প্রযোজক শামীম আহমদ। ঢাকা এফএম-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ডলি ইকবাল-চেয়ারম্যান, মোহাম্মদ আনিসুজ্জামান-জি এম অপারেশন, নূরে আলম মিলন-সিনিয়র ম্যানেজার প্রোগ্রাম, তোসাদ্দেক হোসেন বাবু-ম্যনেজার সেলস এন্ড মার্কেটিং, মজিবুর রহমান-ম্যানেজার এডমিন এবং পলাশ রাশেদ-ম্যানেজার অপারেশন। উল্লেখ্য, অনুষ্ঠানটি একাত্তর টিভি ও ঢাকা এফএম-এ প্রতি শুক্র ও শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে।
