গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনার জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৩ পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
উপজেলার উচালিয়াপাড়ার পূর্বপাড়া ও কোনাপাড়ার মধ্যে চলাচলের রাস্তা নিয়ে উভয়পক্ষের বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার কোনাপাড়ার এক যুবকের সঙ্গে পূর্বপাড়ার অপর এক যুবকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষের কয়েকশ লোক সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে। সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজরা ১টি বনের কুঞ্জে আগুন লাগায়।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং চিকিত্সা দেয়া হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
