জীবননগর ও মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে বিএসএফের অপহরণ

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২২:২৭
গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে একজন ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে ভারতের পুটিখালী ক্যাম্পের বিএসএফ ধৃত সোলাইমান হোসেনকে নির্মম নির্যাতন করার পর সীমান্তে ছেড়ে দিয়ে গেলেও ফতেপুর ক্যাম্পের বিএসএফ টোটন ও মিন্টুকে আটক রেখেছে। অপহূতদের ফেরতের দাবিতে বিজিবির পক্ষ হতে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে পত্র প্রেরণ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৭টায় মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের মকছেদ ৬২নং মেইন পিলারের ৬নং সাব পিলারের কাছে যায়। এ সময় ভারতের পুটিখালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। নির্মম শারীরিক নির্যাতনের পর দুপুরে তাকে সীমান্তে ফেলে রেখে যায়। এছাড়াও শ্রীনাথপুর সীমান্তের অপর পাশে অবস্থিত ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফ একই উপজেলার মাঠপাড়ার টোটন ও মিন্টুকে ধরে নিয়ে গেছে বলে বিজিবির পক্ষ হতে নিশ্চিত করা হয়েছে।