সিলেটে এমপি ও ভিসিসহ অনেকের কাছে যমদূতের চিঠি

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২২:২৮
‘মৃত্যুর জন্য তৈরি হও। যা কিছু খাওয়ার খেয়ে নাও। তোমাকে হত্যা করা হবে।’ ইতি- মাও জমদূত তালুকদার, মানিকপীর রোড (এখানে একটি বড় কবরস্থান রয়েছে), সিলেট। এমন হুমকি সম্বলিত চিরকুট ও কাফনের কাপড় পাঠিয়ে সিলেটে আতংক সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি দুর্বৃত্ত চক্র। কুরিয়ার সার্ভিসযোগে কম্পিউটার কম্পোজ করা চিঠি ও কাফনের কাপড়ের টুকরো পাঠিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন জনের ঠিকানায়। গত কয়েকদিনে এরকম হুমকি সম্বলিত চিঠি ও কাফনের কাপড় পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বারের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ড. শহীদুল্লাহ তালুকদার। মধ্যরাতে মোবাইল ফোনে মৃত্যুর হুমকি পেয়েছেন সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ) আসনের এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এছাড়া মৃত্যুর জন্য তৈরি হওয়ার চিরকুট পেয়েছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান গণজাগরণ মঞ্চের কর্মী নীরঞ্জন দে যাদু, দেবাশীষ দেবু, দেবব্রত চৌধুরী লিটন, আব্দুল করিম কীম ও নাজমুল আলবাব অপু। এসব ঘটনায় এক ধরনের চাপা আতংক বিরাজ করছে আওয়ামী লীগসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা, সংস্কৃতিকর্মীসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চলমান আন্দোলনের কর্মীদের মনে। যদিও তারা এসব হুমকিকে পাত্তা না দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন। উল্লেখিত প্রতিটি ঘটনায়ই থানায় জিডি কিংবা মৌখিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে। যদিও পুলিশ এখনো হুমকিদাতা চক্রের কাউকে সনাক্ত করতে পারেনি। তবে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, এব্যাপারে তারা গুরুত্ব দিয়ে কাজ করছেন। ধারাবাহিক হুমকি ও কাফনের কাপড় পাঠানোর সর্বশেষ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার। ওই দিন সিকৃবির ভিসি প্রফেসর শহীদুল্লাহ তালুকদার পান ওই হুমকি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পার্শ্বেলযোগে তার অফিসে যায় চিরকুট ও কাফনের কাপড়ের টুকরো। চিরকুটে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ভিসির কার্যালয় থেকে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।