বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয় আজ খোলা থাকবে

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২২:৩২
বাংলাদেশ ব্যাংকের সদর কার্যালয়সহ সকল দপ্তর ও আঞ্চলিক দপ্তরে নির্দিষ্ট কিছু কার্যক্রম সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার চালু থাকবে। এ বিষয়ে গতকাল শুক্রবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল প্রধান কার্যালয়সহ সব শাখার ক্যাশ বিভাগ, ক্লিয়ারিং হাউজ (হাই ভ্যালু চেক), ডিপোজিট বিভাগ এবং পেমেন্ট বিভাগ খোলা থাকবে। অন্যদিকে পোশাকশিল্প অধ্যুষিত এলাকার সব বাণিজ্যিক ব্যাংক আজ খুলে রাখতে ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী রফতানিমুখী শ্রমঘন পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার জন্য ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো আজ খোলা থাকবে।