রাজনৈতিক অস্থিরতায় সপ্তাহ জুড়ে শেয়ারবাজারে দরপতন

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ১৯:১৯
রাজনৈতিক অস্থিতিশীলতায় গত সপ্তাহ জুড়ে দেশের শেয়ারবাজার নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে পার করেছে। আগের দুই সপ্তাহের ধারাবাহিকতায় গত সপ্তাহেও দুই পুঁজিবাজারে বেশিরভাগ দিনেই দরপতন হওয়ায় বিনিয়োগকারীরা বেশ উদ্বিগ্ন। তার উপর লেনদেনের পরিমাণও কমেছে। দীর্ঘদিন ধরে নিম্নমুখী থাকার পর সামপ্রতিক রাজনৈতিক অস্থিরতায় শেয়ারবাজার বড় ধরনের প্রভাবিত হওয়ায় বিনিয়োগকারীরা বেশ সঙ্কটের মধ্যে পড়ে গেছেন। লেনদেন কমে যাওয়ায় বেশি চিন্তিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসই’র সাধারণ মূল্য সূচক আগের সপ্তাহের চেয়ে ১৩৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪৭ পয়েন্ট থেকে তিন হাজার ৯১৪ পয়েন্টে নেমে এসেছে। অর্থাত্ এক সপ্তাহে সূচক কমেছে তিন দশমিক ২৯ শতাংশ। একই সময়ে ডিএসই’র ব্রড সূচক (ডিএসইএক্স) তিন হাজার ৯৭৩ পয়েন্ট থেকে কমে তিন হাজার ৮৩২ পয়েন্টে নেমে আসে। অর্থাত্ ব্রড সূচক কমেছে ১৪০ পয়েন্ট বা ৩ দশমিক ৫৩ শতাংশ। এদিকে সিএসইর সার্বিক মূল্য সূচক ১২ হাজার ৪১০ পয়েন্ট থেকে কমে ১১ হাজার ৯৮৫ পয়েন্টে নেমে এসেছে। অর্থাত্ দরপতন হয়েছে তিন দশমিক ৪২ শতাংশ। সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট এক হাজার ১৯৬ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৭৪৬ টাকা। যা আগের সপ্তাহের চেয়ে ২২০ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৪০৪ টাকা কম। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৩৯ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১৪৯ টাকা। যা আগের সপ্তাহের চেয়ে ৪৪ কোটি ১১ লাখ ৬৭ হাজার ৪৮১ টাকা কম। গত সপ্তাহে ডিএসইতে লেনদেনকৃত ২৯১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ২২০টির এবং অপরিবর্তিত ছিল ছয়টির। কোন লেনদেন হয়নি সাতটি কোম্পানির শেয়ারের। ডিএসই’র তথ্যে জানা গেছে, সপ্তাহের ব্যবধানে বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই) কিছুটা কমেছে। বর্তমান গড় পিই রেশিও ১১ দশমিক ১৩। যা আগের সপ্তাহে ছিল ১১ দশমিক ৫৩। বাজার সংশ্লিষ্টরা বলছেন, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে গত কয়েক সপ্তাহ ধরেই পিই রেশিও কমছে। বাজারের সাধারণ নিয়ম অনুযায়ী সার্বিক পিই যতো কম থাকে বিনিয়োগে ঝুঁকি ততো কম হয়। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে পিই কমায় বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগের আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না।