কোরিয়া উপদ্বীপকে উত্তেজনার মুখে ঠেলে দেয়ার বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২০:৪৭
কোরিয়া উপদ্বীপকে আরো উত্তেজনার মুখে ঠেলে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। উত্তর কোরিয়ার দক্ষিণের সাথে সব অনাক্রমণ চুক্তি ভঙ্গ করা এবং আগাম পরমাণু হামলা চালানোর হুমকি দেয়ার পর চীন ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। এদিকে গতকাল শনিবারও উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের জবাবে আরো কিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার হুমকি দেয় দেশটি। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাথে ১৯৫৩ সালে করা অনাক্রমণ চুক্তি বাতিল করে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা জানায়, পৃথিবী দেখবে যুক্তরাষ্ট্রের বৈরিতার কারণে কিভাবে উত্তর কোরিয়া একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে নিজের অবস্থানকে সুসংহত করে। যুক্তরাষ্ট্রের বৈরী আচরণের কারণেই উত্তর কোরিয়া বাধ্য হয়েছে তৃতীয়বারের মত মাটির নিচে পরমাণু পরীক্ষা চালাতে। সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা এড়িয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়ার প্রধান মিত্রদেশ চীন। উত্তর কোরিয়ার ওপর বৃহস্পতিবার নতুন করে কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ হওয়ার জবাবে দেশটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব শান্তিচুক্তি বাতিলের ঘোষণা দেয়। উত্তরের বিলাসবহুল পণ্য আমদানি এবং ব্যাংকিং খাত নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। চীন উত্তর কোরিয়াকে খাদ্য ও জ্বালানি সরবরাহ করা ছাড়াও কূটনৈতিক সহযোগিতা করে আসছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুয়া চুয়িং বলেছেন, চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক আছে। কিন্তু একইসঙ্গে আমরা উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষারও বিরোধী। “চীন সংশ্লিষ্ট সব পক্ষকেই শান্ত ও সংযত থাকা এবং আরো বেশি উত্তেজনা উস্কে দেয় এমন কোনো কিছু করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে,” বলেন তিনি।