ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে মাদুরোর শপথ গ্রহণ

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২০:৪৮
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। রাজধানী কারাকাসে মাদুরোর অভিষেক অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সংসদের স্পিকার দিয়োসদাদো ক্যাবেল¬। এদিকে শপথ অনুষ্ঠানের পর মাদুরো বলেন, আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান। ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ দীর্ঘ প্রায় দু’বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে এ মাসের ৫ তারিখে মারা যান। অসুস্থ অবস্থায় শ্যাভেজ নিজেই মাদুরোকে তার উত্তরসূরি হিসাবে মনোনীত করে যান। অবশ্য দেশটির প্রধান বিরোধীদলীয় জোট ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে মাদুরোর এই অভিষেক অনুষ্ঠানকে বয়কট করেছে। তাদের দাবি, এটা অসাংবিধানিক। কেননা সাংবিধানিকভাবে জাতীয় সংসদের স্পিকারকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করার কথা।