সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগের জন্য কোনো চাপ দেবে না রাশিয়া। তাকে পদত্যাগ করার আহ্বান জানানোর কোনো সুযোগে মস্কোর ‘একেবারেই’ নেই বলে বিবিসিকে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এর মধ্যদিয়ে সিরিয়া সংকট নিয়ে মস্কোর আগের অবস্থানই প্রকাশ পেল। সিরিয়ায় গৃহযুদ্ধাবসানে শান্তিচুক্তির স্বার্থে আসাদকে পদত্যাগ করতে বলার কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, ‘একেবারেই নেই। আপনারা জানেন, সিরিয়ায় সরকার পরিবর্তনের খেলায় রাশিয়া নেই।’ ‘আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিপক্ষে। এটাই আমাদের অবস্থান। এতে কারো বিস্মিত হওয়ার কিছু নাই।’
সিরিয়ার বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন কোনো ধরনের আলোচনায় বসার আগে প্রেসিডেন্ট আসাদকে পদত্যাগের জোর দাবি জানাচ্ছে। আলোচনাই সিরিয়া সঙ্কট সমাধানের সর্বোত্তম উপায় হলেও ল্যাভরভ বলেন, প্রেসিডেন্ট আসাদকে রাশিয়ার সরে দাঁড়ানোর আহ্বান জানানোর প্রশ্নেই ওঠে না।
