চলতি সময়ে সবচেয়ে ব্যস্ত চলচ্চিত্র তারকার নাম ইমন। যেখানে চলতি বছরে শাকিবের হাতেও হাতে গোনা দুয়েকটি চলচ্চিত্র, সেখানে ইমনের হাতে প্রায় হাফ ডজন চলচ্চিত্র। স্বপন আহমেদের ‘পরবাসিনী’, সাদেক সিদ্দিকীর ‘হূদয়ে একাত্তর’, চাষী নজরুল ইসলামের দু’টি চলচ্চিত্রেরই নায়ক হিসেবে কাজ করছেন ইমন। এ ছাড়াও রয়েছেন তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’। নিজের চলচ্চিত্র ক্যারিয়ার ও ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে আজ একুশে টিভির জনপ্রিয় সেলিব্রিটি শো মিডিয়া গসিপে অকপটে বলেছেন নিজের কিছু কথা। বর্তমানে গুটিকতক অভিনয় শিল্পীদের ভারত-প্রীতি প্রসঙ্গে ইমন বলেন, ‘আমার কাছেও একাধিকবার ভারতীয় চলচ্চিত্রে কাজ করার অফার এসেছে। তাদের একটাই কথা কমপক্ষে ছ’ মাস তাদের ওখানে থেকে কাজ করতে হবে। সে কারণেই আমি ভেবেছি, এই সময়টা যদি আমি দেশে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করি, তাহলে অনায়াসেই আমি জায়গা করে নিতে পারব।’
