নতুন প্রাণের সন্ধান
অ্যান্টার্কটিকা মহাদেশের একটি হ্রদের পুরু বরফের নিচে চাপা পড়া পানির মধ্যে নতুন এক ব্যাক্টেরিয়া ধরনের প্রাণের সন্ধান পাওয়ার দাবি করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার একটি হিমবাহের নিচে ভোন্টক নামের ঐ হ্রদে গতবছর বিজ্ঞানীরা ঐ প্রাণের নমুনা খুঁজে পান। ভোন্টকের প্রায় ৪ কিলোমিটার বরফ খনন করে নমুনাটি খুঁজে পান বিজ্ঞানীরা। পূর্ব অ্যান্টার্কটিকার মধ্যভাগে যা পৃথিবীর সবচাইতে শীতলতম অংশ এবং প্রাণী বেঁচে থাকার জন্য প্রায় অনুপযোগী পরিবেশ, সেখানে এ খনন কাজটি পরিচালনা করা হয়। —বিবিসি
স্মৃতি ভুলাতে চলচ্চিত্র
১২ বছর আগে আল-কায়েদার হামলায় ধসে পড়েছিল টুইনটাওয়ার। নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্মৃতি দূরে রেখে সবাইকে স্বাভাবিক জীবনে ফেরাতেই শুরু হয়েছিল ট্রিবেকা চলচ্চিত্র উত্সব। নিউইয়র্কে এবারের আসরটি শুরু হবে ১৭ এপ্রিল এবং ১২ দিন ধরে চলবে এ উত্সব। ২০০২ সালে যাত্রা শুরুর পর থেকে এ আসরকে ঘিরে চলচ্চিত্রামোদীদের আগ্রহ বেড়েই চলেছে। এবার এ আসরে অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছিল ৩০টি দেশের ৬ হাজার ছবি। সেখান থেকে ৩৪টি তথ্যচিত্র, ৫৫টি ফিচার ফিল্মসহ আরো অনেক বিচিত্র এবং মজার সব পরিবেশনা নিয়ে দর্শকদের মুগ্ধ করার অপেক্ষায় আছে ট্রিবেকা চলচ্চিত্র উত্সব। —রয়টার্স
শ্যাভেজ মহানায়ক
ভেনেজুয়েলার চিরবিদায়ী প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে ‘মহানায়ক’ হিসাবে আখ্যা দিয়েছেন হলিউডের একাধিক তারকা। শ্যাভেজের দীর্ঘদিনের সমর্থক চলচ্চিত্র পরিচালক অলিভার স্টোন জানিয়েছেন,সদ্য প্রয়াত এই ‘মহানায়ক’ পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবেন। জেএফকে এবং ন্যাচারাল বর্ন কিলার্স ছবির পরিচালক স্টোন এক বিবৃতিতে জানান, ‘‘আমি এমন একজনের জন্য শোক প্রকাশ করছি, যিনি তাঁর দেশের অধিকাংশ নাগরিক এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থানের খোঁজে সংগ্রামরত মানুষদের কাছে মহানায়ক হিসেবে বিবেচিত। —এএফপি
তৈরি হচ্ছে টাইট্যানিক-২
তৈরি করা হচ্ছে টাইট্যানিক-২। এটির উদ্যোক্তা অস্ট্রেলিয়ার কোটিপতি ক্লাইভ পামার। ঐ জাহাজটি ২০১৬ সালেই যাত্রা শুরু করবে। প্রথম যাত্রার টিকিট কিনতে আগ্রহী ৪০ হাজার মানুষ। জাহাজ তৈরি হবে চীনে। ক্লাইভ পামার তার নতুন টাইট্যানিকের নকশা উপস্থাপন করেন নিউইয়র্কের একটি নৌ, বিমান ও মহাকাশযাত্রা সংক্রান্ত সংগ্রহশালায়। দ্বিতীয় টাইট্যানিকটিও ইংল্যান্ডের সাদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তবে প্রথম টাইট্যানিকের মত ঐ যাত্রা অভিশপ্ত হবে না বলেই ধরে নেয়া যায়। প্রথম টাইট্যানিকটি ছিল বিংশ শতাব্দির সূচনায় বিশ্বের বৃহত্তম এবং সর্বাপেক্ষা বিলাসবহুল সমুদ্রগামী জাহাজ। ১৯১২ সালে ১৫ এপ্রিল উত্তর আটলান্টিকে একটি আইসবার্গে ধাক্কা খেয়ে জাহাজটি ডুবে যায়। —এএফপি
