চ্যাম্পিয়নস লিগে দারুণ একটা সপ্তাহ কাটিয়ে আজ আবারো লা লিগার লড়াইয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তুলনামূলক বিচারে দুর্বল প্রতিপক্ষ সেল্টা ভিগোর মাঠে আজ আতিথেয়তা নেবে তারা।
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে রিয়াল পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। এর আগে সপ্তাহখানেকের ব্যবধানে তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়েছে দুই বার। সব মিলিয়ে গত কিছুদিন স্বপ্নের মতোই কাটছে হোসে মরিনহোর দলের। তাই আজ সেল্টা ভিগোর সামনে দারুণ উজ্জীবিত এক রিয়ালকেই দেখা যাবে বলে আশাবাদী সমর্থকেরা। সাম্প্রতিক পারফরম্যান্সের পাশাপাশি রিয়ালকে আশা যোগাতে পারে পয়েন্ট টেবিলে দুদলের অবস্থানের ব্যাপারটাও। তৃতীয় স্থানে থাকা ‘ব্লাঙ্কোসদের’ বিপরীতে সেল্টা অবস্থান অষ্টাদশ স্থানে। তাছাড়া নিজেদের সর্বশেষ পাঁচটি ম্যাচের চারটিতেই হেরেছে সেল্টা যেখানে যে কোন প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সর্বশেষ পাঁচটি ম্যাচেই জিতেছে রিয়াল। লা লিগায় তাদের পারফরম্যান্স আরো হতাশাব্যঞ্জক। সেখানে তাদের সর্বশেষ জয়টি এসেছে নয় ম্যাচ আগে। আর রিয়ালের বিরুদ্ধে লিগে তাদের সর্বশেষ জয়টি এসেছে ২০০১ সালের মে মাসে। ম্যাচের আগে স্বাগতিক দলটির জন্য আরো বড় ধাক্কা হয়ে এসেছে মিডফিল্ডার নাটক্সো ইনসার ইনজুরি। কুচকির চোঁট তাকে ঠেলে মাঠের বাইরে। খেলতে পারবেন না হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হুগো মালো এবং স্যামুয়েল।
সামান্য ইনজুরি সমস্যা আছে রিয়াল শিবিরেও। তাই মরিনহো হয়তো আজ ঝালিয়ে নিতে চাইবেন তার রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের। ম্যান ইউর বিরুদ্ধে ম্যাচে চোঁট পাওয়া উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার না খেলার ব্যাপারটা অনেকটাই নিশ্চিত। অনিশ্চয়তা আছে মিডফিল্ডার জাভি আলোনসো এবং সার্জিও রামোসের মাঠে নামার ব্যাপারেও। বিশ্রাম দেয়া হতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও।
লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে বার্সাকে হারানো রিয়াল এখনো তাদের চেয়ে পিছিয়ে আছে ১৩ পয়েন্ট। আজকের ম্যাচে পয়েন্ট খুইয়ে নিশ্চিতভাবেই ব্যবধানটা বাড়াতে চাইবে না তারা। আর অবনমনের আশঙ্কায় থাকা সেল্টা চাইবে ঘরের মাঠ বালাইদোসে অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে।
