রাজপথে এমন সহিংসতা নজিরবিহীন

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৩৯
দেশে একদিকে দলীয় সন্ত্রাস, অন্যদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে মন্তব্য করে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ড. ফেরদৌস আহমদ কোরেশী বলেছেন, রাজপথে এমন সহিংসতা নজিরবিহীন। গতকাল শনিবার সেগুনবাগিচাস্থ দলীয় কার্যালয়ে ‘সমকালীন রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। দুটি দল পরস্পরের বিরুদ্ধে দেশে ‘জরুরি অবস্থা’ ডেকে আনার পরিস্থিতি সৃষ্টির অভিযোগ তুলছে মন্তব্য করে পিডিপি’র চেয়ারম্যান বলেন, এর আগের জরুরি অবস্থার অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই নেত্রীর ইচ্ছা-অনিচ্ছার ওপর দেশ ছেড়ে দেয়া যায় না। তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছেন। কারণে-অকারণে হরতাল ডেকে দেশকে অচল করে দিয়ে জনজীবনে চরম দুর্ভোগের সৃষ্টি করছে ১৮ দলীয় জোট। তিনি আইন করে হরতাল নিষিদ্ধের দাবি জানান।