৪৩৫ রানে পিছিয়ে; হাতে আছে আট উইকেট। রানের পাহাড়ের নিচে থেকে ম্যাচে ভারসাম্য আনতে চায় বাংলাদেশ। গল টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানালেন দলের ওপেনার এনামুল হক বিজয়। নিজের অভিষেক টেস্ট খেলতে নেমে ৬৮ বলে ১৩ রান করা বিজয় বলেন, ‘আমাদের হাতে এখনও আট উইকেট আছে। এই অবস্থা থেকে আমরা যদি আগামীকাল (আজ) সারাদিন খেলতে পারি তাহলে আশা করি ম্যাচ একটা ভারসাম্যে চলে আসবে।’ অন্যদিকে নিজের নবম টেস্ট খেলতে নেমে নিজের প্রথম টেস্ট সেঞ্চরির দেখা পাওয়া লাহিরু থিরিমান্নে সংবাদ সম্মেলনে ছিলেন বেশ উত্ফুল্ল। ২৬৫ বলে ১৫৬ রান করা এই ক্রিকেটার বলেন, ‘এটা আমার জন্য বিশেষ এক দিন। যে কোন তরুণ ক্রিকেটারই এমনভাবে নিজের ক্যারিয়ার শুরু করতে চায়।’
