বিজিবি’র গুলিতে শিবির কর্মী নিহত

প্রতিবাদে আজ জলঢাকায় জামায়াতের অর্ধদিবস হরতাল

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৫৯
সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র গুলিতে শিবিরকর্মী নিহত হওয়ার প্রতিবাদে জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা আজ রবিবার আধাবেলা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে গত ২ মার্চ জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের কয়েক হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে উপজেলা সদরে আসার সময় বিজিবি তাদের ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয় নবম শ্রেণির ছাত্র আনিসুর রহমান আপন (১৫)। আহত হয় আরও ১০ জন। এ ঘটনার প্রতিবাদে উপজেলা জামায়াতের উদ্যোগে গত শুক্রবার বিকালে টেংগনমারী ঈদগাহ মাঠে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর আব্দুল গনির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ আজিজুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা আমীর প্রভাষক খায়রুল আনাম, কিশোরগঞ্জ উপজেলা আমীর আক্তারুজ্জামান বাদল, নিহত আপনের পিতা আনিসুর রহমান প্রমুখ। সভা থেকে আজ গোটা উপজেলায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের ঘোষণা দেন উপজেলা আমীর আব্দুল গনি।