পাথরঘাটার চরদুয়ানী বাজার সংলগ্ন এলাকার সরকারি পুকুর ভরাট করে অবৈধভাবে টিনের ঘর তুলে প্রকাশ্যে প্লট বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ‘মুক্তিযোদ্ধা সুপার মার্কেট’ নাম দিয়ে এ দখলের রাজনীতি চলছে। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে এসব চিত্র। জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরটি বালু দিয়ে ভরাট করে চরদুয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ ফিরোজ ও তার ছেলে বদরুল হুদা বনি পুকুরটি বালু দিয়ে ভরাট করে প্লট বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চরদুয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ ফিরোজ ও তার ছেলে বদরুল হুদা বনিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা গত বৃহস্পতিবার চরদুয়ানী বাজার সংলগ্ন পুকুরটি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে দখলে নেয়। স্থানীয় পর্যায়ের ১০৩ জনের কাছ থেকে এ পর্যন্ত ৫০ হাজার টাকা করে নিয়েছেন তারা। একদিনের মধ্যে অন্তত ৮৩টি দোকান ঘর উত্তোলন করা হয়েছে। পাশেই সাইনবোর্ড লেখা রয়েছে ‘মুক্তিযোদ্ধা সুপার মার্কেট’ বাস্তবায়নে জেলা ও থানা পরিষদ। জেলা পরিষদ এবং ইউনিয়ন ভূমি অফিস এ ব্যাপারে কিছুই জানে না বলে সাংবাদিকদের কাছে জানান। উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে গিয়ে পরিদর্শন করে আসলেও কোনো সুরাহা দিতে পারেনি।
এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এম, এম খালেক জানান, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট হিসেবে সাইনবোর্ড ব্যবহার করলেও তারা এ বিষয় কিছুই জানে না এমনকি কোনো মুক্তিযোদ্ধাদের সেখানে কোনো ঘরও দেয়া হয়নি।
