বরিশালে পৃথক ঘটনায় সিএন্ডবি রোড থানা কাউন্সিল সংলগ্ন এলাকা থেকে জাহিদ হোসেন জিতু (২২) ও ফকির বাড়ি রোডে জানে আলম (৪৮) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার সিএন্ডবি রোডের থানা কাউন্সিলের বিপরীতে হামিদা মঞ্জিলের পেছনে ড্রেনের ওপর থেকে ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদক জিতুর লাশ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। কোতয়ালী মডেল থানার এস আই জানান জিতুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি জানান জিতুর মাথায় ও বাম পাশের গালে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত জিতু ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলো বলে জানিয়েছেন মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন। এদিকে গত রাতে নগরীর ফকির বাড়ির মজিদ হাওলাদারের বাড়ি থেকে জানে আলম নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বড় ভাই নূরে আলম জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জানে আলম মানসিক সমস্যায় ভূগছিলেন। গত ৪/৫ দিন নিখোঁজ থাকার পর বাড়ির অন্য ভাড়াটিয়ারা দোতলার ঐ কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমের লাশ উদ্ধার করে।
