ভারতের ওপর দিয়ে বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি আটক করেছে ভারতীয় পুলিশ। এসব অস্ত্র ও গুলি মিয়ানমার থেকে ভারতে আসে। ভারতীয় পুলিশ এ বিষয়ে তিনজন বাংলাদেশিকেও আটক করেছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, সংশ্লিষ্ট সিআইডি পুলিশের এসপি জোসেফ লালছুয়া জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মিজোরাম বিমানবন্দরের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার হয়। এগুলোর মধ্যে রয়েছে ৩১টি একে-৪৭ রাইফেল, একটি স্বয়ংক্রিয় রাইফেল ও একটি মেশিনগান। সেই সঙ্গে একে-৪৭ রাইফেলের ৮৬টি গুলি, এলএমজির ২৪টি গুলি ও স্বয়ংক্রিয় রাইফেলের ৬৯৯টি গুলি উদ্ধার করা হয়। পাচারের সঙ্গে জড়িত অভিযোগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তিনজন সদস্যকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পিটিআই জানায়। তারা হলেন:মনি ত্রিপুরা, রবি চাকমা ও সবুজ চাকমা।
