বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা আর অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কানাডা সরকার। শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড এক বিবৃতিতে বলেন, সম্প্রতি বাংলাদেশে অব্যাহত রাজনৈতিক সহিংসতায় হাজার হাজার মানুষ হতাহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই সহিংসতায় অনেক বাংলাদেশি প্রাণ হারিয়েছে। আমরা সব দলকে সংঘাত বন্ধ করে বিবদমান ইস্যু নিয়ে মতপার্থক্য ও সমাজের বিভক্তির অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানাই। বাংলাদেশি জনগণের জীবনের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ বিশেষ করে সংখ্যালঘুদের ঘর ও উপাসনালয়ে নির্দয় আক্রমণের তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে। বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় স্বাধীনতা ও বহুমতের প্রতি বাংলাদেশের শ্রদ্ধার মনোভাবকে কানাডা স্বাগত জানায়। আমরা চাই সরকার ও সব দল মিলে দেশে শান্তি ও সহিষ্ণুতা বজায় রাখার জন্য কাজ করবেন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার যাতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে চর্চা করা সম্ভব হয় সেজন্য সব দলকে শ্রদ্ধাশীল হতে হবে।
