জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক সহিংসতায় নিহতের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর এই জানাজায় ১৮ দলীয় জোটের নেতারা অংশ নেন।
জানাজার শুরুতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণহত্যা বন্ধ না হলে এখন থেকে আর প্রতিবাদ নয়, প্র্রতিরোধ গড়ে তোলা হবে। ১৮ দলীয় জোটকে শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করা হবে। খোকা বলেন, গত কয়েকদিনে সরকারের বিভিন্ন বাহিনী ও দলীয় ক্যাডাররা অসংখ্য মানুষকে পাখির মত গুলি করে, পানিতে ডুবিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যা করেছে। আমরা শুধু এর নিন্দাই জানাই না, গায়েবানা জানাজার মাধ্যমে শোককে শক্তিতে পরিণত করব এবং প্রতিরোধ গড়ে তোলা হবে।
জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক আবদুল মান্নান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাহ উদ্দিন আহমেদ, খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ। এছাড়া ১৮ দলীয় জোটের শরিকদের মধ্যে জামায়াতের ড. শফিকুল ইসলাম মাসুদ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নীলু, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ নেতৃবৃন্দ। জানাজার নামাজে ইমামতি করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ নেসারুল হক। এদিকে গায়েবানা জানাজায় পুলিশ গুলী না চালালেও পুরো এলাকা ঘিরে রাখে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে পুলিশ ও সরকারি দলের লোকজনের হাতে নিহতদের স্মরণে গতকাল কাজির দেউড়ি চত্বরে ১৮ দলীয় জোট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতী করেন মাওলানা শহিদুল্ল¬াহ চিশ্তী।
জানাজায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ১৮ দলীয় জোট চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী, উত্তর জেলা বিএনপি সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জামায়াত ইসলাম চট্টগ্রাম মহানগরের আমীর মাওলানা সামশুল ইসলাম এমপি, উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক লায়ন আসলাম চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ-শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, মহানগর বিএনপি সহ-সভাপতি সামশুল আলম, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
