তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২২:২৭
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না। সংবিধান অনুযায়ী আগামী জানুয়ারি মাসের আগেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। গতকাল শনিবার বিকালে পল্লবী বাসস্ট্যান্ডে ১৪ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সারাদেশে জামায়াত-শিবিরের নৈরাজ্য, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ভাঙচুর, জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। মোহাম্মদ নাসিম বলেন, তাণ্ডব বন্ধ না হলে কয়দিন পর ১৪ দলের নেতৃত্বে এমন ‘রাজনৈতিক মাইর’ শুরু হবে যে বিএনপি-জামায়াতকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। নাসিম বলেন, ‘আন্দোলন কত প্রকার ও কি কি এটা আওয়ামী লীগ জানে। আওয়ামী লীগ আন্দোলনে চ্যাম্পিয়ান। এজন্য গ্রামে গ্রামে প্রতিরোধ কমিটি গড়ে তোলা হবে। বাংলার জনগণের এখন এক দফা দাবি হলো, রাজাকার মুক্ত বাংলাদেশ গড়া। সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। অথচ বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষা করতে তাদের পাশে দাঁড়িয়েছে। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিন। এ নিয়ে সংসদে আলোচনা হতে পারে। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়াকে বলবো আপনি জঙ্গিবাদী জামায়াত ও দুর্নীতিবাজ ছেলেদের ত্যাগ করবেন কিনা এটা স্পষ্ট করুন। এদের ত্যাগ না করলে যুদ্ধাপরাধীদের দোসর হিসেবে জনগণ আপনাকে রাজনীতি থেকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ হবে। তিনি আরো বলেন, ওলামাদের আহ্বান করবো আসুন ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রক্ষা করি, জামায়াতের কবর দেই। সাম্যবাদী দলের সভাপতি ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, খালেদা জিয়া রাজাকারদের কমান্ডারের দায়িত্ব পালন করছেন। স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।