বিজিএমইএ নির্বাচন আজ

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২২:২৮
তৈরি পোশাক মালিকদের সর্ববৃহত্ সংগঠন বিজিএমইএ-এর নির্বাচন আজ। তিন হাজারের অধিক পোশাক মালিক আগামী দুই বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। আজ সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে ভোটগ্রহণ চলবে। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের ভোটাররা চট্টগ্রামে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুইটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইসলাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম সম্মিলিত পরিষদের এবং ফোরামের পক্ষে রাইজিং গ্রুপের এমডি মাহমুদ হাসান খান বাবু নিজ নিজ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। তারা দুই জনেই এর আগে বিজিএমইএতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এদিকে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এবারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান বিটিএমএ-এর সভাপতি জাহাঙ্গীর আলামিন। তিনি বলেন, নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা বোর্ড সম্পূর্ণ প্রস্তুত। আশা করছি, ব্যাপক ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা যাবে। গতবারের নির্বাচনে উভয় প্যানেলের প্রার্থীদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি হয়ে শেষ মুহূর্তে ফোরাম নির্বাচন বর্জন করে। এবারের নির্বাচন ভালোয় ভালোয় সম্পন্ন করা যাবে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা। এদিকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী উভয় প্যানেল। বিজিএমইএতে গত দুই মেয়াদে (চার বছর) নেতৃত্ব দিচ্ছে সম্মিলিত পরিষদ। চার বছরের উন্নয়নের ধারাবাহিকতায় এ বছরও ভোটাররা তাদের বিজয়ী করবে বলে আশাবাদী এ প্যানেলের নেতৃত্বদানকারী আতিকুল ইসলাম। গতকাল ইত্তেফাককে তিনি বলেন, গত চার বছর ধরে পোশাক শিল্পের উন্নয়ন এবং মালিক-শ্রমিকের স্বার্থ রক্ষায় আমরা কাজ করেছি। এই খাতের উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষায় আশা করি পোশাক মালিকরা আবারো আমাদের দায়িত্ব দেবেন। অন্যদিকে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানানোর পাশাপাশি নিজের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, গত চার বছরে বিজিএমইএ একটি গতিহীন সংগঠনে পরিণত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ফোরাম নেতৃত্ব অবশ্যই এই শিল্পে নতুন রক্ত সঞ্চালন করতে পারবে। বিজিএমইএ-এর এবারের নির্বাচনে ২৭ পরিচালক পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ঢাকা অঞ্চলের ২০ পদের বিপরীতে ৪০ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ৭ পদের বিপরীতে ১৪ জন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা তিন হাজার ১৯৬ জন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৫৯২ ও চট্টগ্রামে ৬০৪ জন। অতীতের নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতেন। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ২০ মার্চ। এর পরদিন নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। ২৫ মার্চ নতুন পর্ষদ ঘোষণা করা হবে।